প্রতিষ্ঠার পনেরো বছর পর প্রথম অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘গানপোকা’। কাব্যিক কথা ও লোকঘরানার সুরে ইতিমধ্যেই মঞ্চে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও এতদিন পর্যন্ত কোনো অ্যালবাম প্রকাশ করেনি তারা। এবার সে উদ্যোগই নিয়েছে ব্যান্ডটি।
অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘গতিজড়তা’। কবি চঞ্চল মাহমুদের লেখা গানটি প্রকাশের মধ্য দিয়েই অ্যালবামের যাত্রা শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে গানপোকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
গানপোকা জানিয়েছে, যেহেতু তারা নিজেদের গানের শ্রমিক বলে পরিচয় দেয়, তাই শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রথম গান রিলিজের জন্য মে দিবসকে বেছে নিয়েছে।
গানটি প্রসঙ্গে গীতিকার ও কবি চঞ্চল মাহমুদ বলেন, ‘আসলে শাসকচক্র পৃথিবীটাকে যেভাবে দুর্বিষহ করে রাখছে, এসবের ভরপুর বিরোধিতা করতে করতেই একটা সমবেত কণ্ঠে আমরা একটা প্রতিবাদের ভাষা তৈরি করতে চেয়েছি, এই গানের মাধ্যমে... পৃথিবীটা তো প্রাকৃতিকভাবে খুবই দারুণ অ্যারেঞ্জমেন্ট। মানে নতুন বিন্যাসের আকাঙ্ক্ষাই এই গানের অনুপ্রেরণা।’
গানটির ভোকাল মিথুন হাসান বলেন, ‘আমাদের গান আমরা রেকর্ড করার আগেই অনেকে রেকর্ড করে নিয়েছেন। নিজেদের গান বলে প্রচারও করেছেন কেউ কেউ। এমনকি সেই গানের কপিরাইট নিয়েও বেশ ঝক্কিঝামেলা পোহাতে হয়েছে আমাদের। আমরা শিল্পীদের সঙ্গে কোনো ধরনের বিরূপ সম্পর্ক তৈরি করতে চাই না। আমাদের গানগুলোর অফিসিয়াল রেকর্ড থাকাটা তাই জরুরি। তাই নেমে পড়লাম রেকর্ডিংয়ে।’
ছয় গানের অ্যালবামের অন্য গানগুলো হলো— হাসনাত প্রধানের লেখা ‘নদী’, তারেক মাহমুদের লেখা ‘আমবাগানে’, জাহিদ জগতের লেখা ‘পিরিতি নয় আমার কাজ’, চঞ্চল মাহমুদের লেখা ‘সব কথা মিথ্যে’ ও ব্যান্ডের ‘পোষাপাখি’।
এই দীর্ঘ যাত্রায় গানপোকা হারিয়েছে তাদের অন্যতম দুজন সদস্যকে— ‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক একটি দুর্ঘটনায় এবং ‘নদী’ গানের গীতিকার হাসনাত প্রধান এক বিরল রোগে মারা যান। প্রথম অ্যালবামটি তাদের নামেই উৎসর্গ করা হয়েছে। ব্যান্ড জানায়, অ্যালবামের গানগুলো প্রতি মাসে একটি করে প্রকাশিত হবে তাদের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।