গত ঈদে শাকিব খান অভিনীত সিনেমার সঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও আফরান নিশো অভিনীত সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। তাই প্রতিযোগিতা হয়েছিল মুলত এই চার নায়কের মধ্যে। তবে আসছে আগামী ঈদের চিত্র ভিন্ন। কোরবানীর ঈদের সিনেমার মাঠে অনুপস্থিত থাকছেন সিয়াম, রাজ ও নিশো। যথারীতি শাকিব খান অভিনীত সিনেমা থাকছেই। তার পাশাপাশি বড় তারকা হিসেবে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আরিফিন শুভ।
তাই অভিনয়ের প্রতিযোগিতা হয়তো এই তারকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যদিও এখনও ঈদের সিনেমার তালিকা চুড়ান্ত হয়নি। বর্তমানের যে বাস্তবতা, তাতে শাকিব-শুভই আগামী ঈদের বড় তারকা, এটা ঢালিউড সংশ্লিষ্ঠরা অনুমান করছেন।
এই দুই নায়ক যথাক্রমে ‘রকস্টার’ ও ‘মালিক’ সিনেমা নিয়ে হাজির থাকবেন প্রেক্ষাগৃহে।
এই মুহূর্তে শাকিব খান শুটিং করছেন ‘রকস্টার’ সিনেমার। যেটি পরিচালনা করছেন আজমান রুশো। আগামী সপ্তাহের মধ্যেই এর অ্যানিমেশন টিজার, পরবর্তীকালে গান ও ট্রেলার প্রকাশ করা হবে। শাকিব খানের সঙ্গে এতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া মিথিলাসহ অনেকে। অন্যদিকে আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমাটি ঈদুল আজহায় যে মুক্তি পাচ্ছে, তার চ‚ড়ান্ত খবর জানিয়েছেন এর নির্মাতা সাইফ চন্দন। এখন চলছে সিনেমাটির শেষ অংশের শুটিং।
চলতি সপ্তাহেই সিনেমাটির ক্যামেরা ক্লোজ হবে বলে জানিয়েছেন নির্মাতা। এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।