বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবুকে ভারতের দক্ষিণী সুপারস্টার নার্গাজুনার আবার একসঙ্গে অভিনয়ে দেখা যাবে। জানা গেছে দীর্ঘ ২৮ বছর পর তারা একসঙ্গে অভিনয়ে ফিরছেন।
তাদের অভিনীত নতুন এই সিনেমার নাম ‘ কিং ১০০’। এরইমধ্যে সিনেমাটির শুটিংও শুরু করেছেন তারা।
এটি নাগার্জুনার ক্যারিয়ারের ১০০তম সিনেমা। সিনেমাটি প্রযোজনা করছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অন্নপূর্না স্টুডিওস।
এটি হবে টাবু ও নাগার্জুনার চতুর্থ যৌথ কাজ। টাবু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে জানান, তিনি শুটিংয়ে যোগ দিয়েছেন। পাশাপাশি নির্মাতাদের ট্যাগ করে প্রকল্পটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে টাবু ও নাগার্জুনা একাধিক সিনেমায় কাজ করেছেন। তাদের সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর একটি হলো ১৯৯৬ সালের তেলেগু ব্লকবাস্টার নিননে পেল্লাডাটা। সিনেমাটি বাণিজ্যিক ও সমালোচনা-দুই দিক থেকেই সফল ছিল এবং এটি সেরা তেলেগু চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল। এর আগে ১৯৯৫ সালের সিসিনদ্রি সিনেমায় টাবু সংক্ষিপ্ত একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন, যা প্রযোজনা করেছিলেন নাগার্জুনা এবং এতে তার ছেলে আখিল আক্কেনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। পরে ১৯৯৮ সালের রোমান্টিক কমেডি আভিদা মা আভিদেতেও এই জুটি একসঙ্গে কাজ করেন। প্রায় তিন দশক পর ‘কিং ১০০’ এর মাধ্যমে তারা আবার নতুনভাবে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।