গুণী অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত নতুন সিনেমা ‘মানুষটিকে দেখ’ মুক্তি পাচ্ছে ১ মে। এটির তার পরিচালিত তৃতীয় সিনেমা।
২০২৫ সালে নির্মিত চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এই সিনেমায় শিল্প নির্দেশনা দিয়েছেন উত্তম গুহ। সিনেমাটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম। আবহসংগীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। কস্টিউম ডিজাইনার ছিলেন সাকি তারা। আর সিনেমাটি সম্পাদনার গুরুদায়িত্ব পালন করেছেন প্রিন্স সজল এবং কালার গ্রেডিং করেছেন সৌরভ দাস।
সেরিব্রাল পালসি এমন একটি রোগ যা জন্মের পাঁচ বছর বয়স পর্যন্ত চিকিৎসা করলে পরিস্থিতির উন্নতি করা সম্ভব; এরপর এটি আর পুরোপুরি নিরাময়যোগ্য থাকে না। আক্রান্ত ব্যক্তিকে সারাজীবন এই সীমাবদ্ধতা বয়ে বেড়াতে হয়। তেমন কিছু মানুষকে ঘিরেই এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে।
সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্রের মূল চিত্রনাট্য লিখেছেন ব্রিটিশ লেখক, প্রযোজক ও পরিচালক এলসপেথ ওয়েলডি। ইংরেজি চিত্রনাট্যটি বাংলায় অনুবাদ করেছেন প্রযোজক হুমায়ূন ফরিদি। অনূদিত চিত্রনাট্যের সম্পাদনা ও সংলাপ যৌথভাবে লিখেছেন গাজী রাকায়েত ও হুমায়ূন ফরিদি। চলচ্চিত্রটির প্রধান তিনটি চরিত্রে ছিলেন তিনজন ‘সিপি পেশেন্ট’ (সেরিব্রাল পালসি আক্রান্ত ব্যক্তি)। তারা ছাড়াও আর অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, কাজী নওশাবা, রাজীব সালেহীন, শর্মীমালা প্রমুখ।
এর আগে ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’ নামে দুটি সিনেমা পরিচালনা করে প্রশংসিত হন অভিনেতা গাজী রাকায়েত।