ঢালিউডের কালজয়ী চিত্রনায়িকা ববিতা আবারও আজীবন সম্মাননা পাচ্ছেন। তবে তা দেশে নয় বিদেশে। আগামী ২৬ জুলাই যুক্তরাস্ট্রের লসঅ্যাঞ্জেলসে তিনি এই সম্মাননা পাচ্ছেন। সেদিন লস অ্যাঞ্জেলেসে বিখ্যাত হলিউড সাইন-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’।
এই আসরেই ববিতার হাতে তুলে দেয়া হবে আজীবন সম্মাননা। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ ও প্রবাসী শিল্পীদের পরিবেশনায় দুই দিনজুড়ে গান, নাচ, আবেগ আর দেশীয় সংস্কৃতির উচ্ছ্বাসে মেতে উঠবে সবাই।
এই অ্যাওয়ার্ডেও প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘প্রবাসীদের আনন্দ মেলা অ্যাওয়ার্ড হচ্ছে প্রাণের স্পন্দন। নান্দনিক আয়োজনের পাশাপাশি আমরা ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা জানিয়ে থাকি। পাশাপাশি একজন কীর্তিমানকে আজীবন সম্মাননা জানাই। এবার বাংলাদেশের বরেণ্য অভিনেত্রী ববিতাকে আমরা আজীবন সম্মাননা জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ববিতার হাতে এই সম্মাননা তুলে দেবেন।’
এর আগে ২০২৩ সালে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে কিংবদন্তি এই অভিনেত্রীকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল, সে আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হয়। ওই উৎসবে ববিতার সম্মানে প্রতি বছরের ৫ আগস্টকে ‘ববিতা দিবস’ হিসেবেও ঘোষণা করা হয়। সেই অভিনেত্রী এবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের আরেকটি অঙ্গরাজ্যে পাচ্ছেন আজীবন সম্মাননা।
বিষয়টি নিশ্চিত করে ববিতা বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে আনন্দ মেলা’র এই আজীবন সম্মাননা আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। আন্তরিক ধন্যবাদ জানাই আনন্দ মেলা-সংশ্লিষ্ট সবাইকে।
এবারের আনন্দ মেলাও থাকবে সবার জন্য উন্মুক্ত। গত বছর আনন্দ মেলা লাইভ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন বিশিষ্ট গীতিকার লিটন অধিকারী রিন্টু।