নানা আয়োজন নিয়ে আসছে মে দিবসে সক্রিয় থাকবে জনপ্রিয় মঞ্চ নাটকের দল ‘আরণ্যক’। ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেনী সংগ্রামের সুতীক্ষè হাতিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ১ মে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে নাট্যদলটি।
দুই পর্বে সাজানো আয়োজনের প্রথম পর্বে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে মে দিবসের গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান।
প্রধান আলোচক হিসেবে এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা পরিষেদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
তারপরই রয়েছে বাউল গানের আসর। এখানে গান পরিবেশন করবেন ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা।
বাউলগানের পরপরই আরণ্যক নাট্যদলের প্রযোজনায় মঞ্চস্থ হবে পথনাটক ‘ মূর্খ লোকের মূর্খ কথা’।
আয়োজনের ২য় পর্বে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে রয়েছে মে দিবসের গান। এরপর আরণ্যকের প্রযোজনায় মঞ্চস্থ হবে সাড়া জাগানো নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।