বক্স অফিসে ‘ধুরন্ধর-২’ ঝড় অব্যাহত আছে। ১৯ মার্চ ছবিটি মুক্তির পর রেকর্ড ব্যবসা করে নজির গড়েছে রণবীর সিংহের সিনেমাটি। ‘পুষ্পা-২’ সিনেমাটিকে টপকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির কৃতিত্ব ছিনিয়ে নিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এতে অভিনয়শিল্পী নির্বাচনের জন্য প্রশংসা কুড়িয়েছেন পরিচালক আদিত্য ধর। জামিল জামালি চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন রাকেশ বেদি। সম্প্রতি একর্ ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ধুরন্ধর ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা নিয়ে মুখ খুললেন অভিনেতা।
‘ধুরন্ধর’র সিক্যোয়েল অর্থাৎ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে কথা বলেছেন যা তৃতীয় পর্বের জল্পনাকে কিছুটা হলেও প্রশমিত করেছে। একটি চমকপ্রদ টুইস্টের মধ্যে দিয়ে শেষ হয় ‘ধুরন্ধর ২’। সেখানেই দেখা যায় রাকেশ বেদির চরিত্র জামিল জামালিই আসলে পাকিস্তানে থাকা ভারতীয় গুপ্তচর। সিনেমার এই অপ্রত্যাশিত মোড় প্রসঙ্গ উঠতেই রাকেশের সাফাই, তাঁরা আগেই বুঝেছিলেন যে এই টুইস্টটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে।
সত্যিই দর্শকের প্রত্যাশা পূরণ করতে বড় পর্দায় আসবে সিনেমার তৃতীয় ভাগ? অভিনেতা রাকেশ বেদি এ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না তৃতীয় অংশ তৈরি হবে। তবে ধুরন্ধর যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজি তাই ভবিষ্যতে অন্য অভিনেতাদের নিয়ে তৈরি হলেও হতে পারে। গুপ্তচরটি নিজের দেশে ফিরে এসেছে সেই জায়গাতেই শেষ দ্বিতীয় ভাগের গল্প।’