ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতা দিয়ে গানের জগতে এসেছিলেন কণ্ঠশিল্পী মিজান মাহমুদ রাজীব। গায়কীর গুণে এখনও শ্রোতাদের কাছে জনপ্রিয় এই সংগীত শিল্পী। স্টেজ ও টিভি লাইভ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করে যাচ্ছেন। নতুন গানেও কণ্ঠ দেন নিয়মিতই। তবে ১১ বছর পর নিজের ৫ম একক গানের অ্যালবাম প্রকাশ করলেন রাজীব। এটির নাম ‘অপ্রকাশিত’। চারটি গানে সাজানো অ্যালবামটিতে গান লিখেছেন রবউিল ইসলাম জীবন ও শারমিন শিমু। গান গুলো হলো ‘আমার সত্য ভালোবাসা’, ‘ প্রথম দেখায়’, ‘ তুমি এমন কেন’ ও ‘ তোমার শহরে’। সবগুলো গানের সুর করেছেন শিল্পী রাজীব নিজেই। এই অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন কাইয়ুম।
নতুন এই অ্যালবাম প্রসঙ্গে রাজীব বলেন, ‘এই অ্যালবামের গানগুলো অনেক আগেই সংগ্রহ করা ছিলো আমার। তবে অ্যালবামের কাজ শুরু করেছিলাম তিন মাস আগে। গানগুলো আমার ভালোলেগেছে। শ্রোতারা যদি পছন্দ করেন তবেই আমার চেষ্টা সার্থক হবে।’
এর আগে ২০১৫ সালে প্রকাশ হয়েছে রাজীবের চতুর্থ একক অ্যালবাম ‘ তোমার আমি’, ২০১০ সালে ‘ একলা মানুষ’, ২০০৭ সালে ‘পূর্ব পশ্চিম’ এবং ২০০৬ সালে ‘ডাংগুলী’ শিরোনামের প্রথম একক গানের অ্যালবাম।