বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম সফল তারকা তৌকীর আহমেদ। অভিনয় দিয়ে প্রথম তারকাখ্যাতি পেলেও সংস্কৃতির অন্যান্য শাখাতেও নিজেকে বিকশিত করেছেন। তাই তো তার নামের সাথে অনেকগুলো বিশেষন যুক্ত হয়েছে। তিনি একাধারে অভিনেতা, নির্মাতা, নাট্যকার, লেখক হিসেবে সমাদৃত।
এই গুণী তারকাকে নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ অনুষ্ঠান। ‘সুহৃদ’-এর আয়োজনে অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘ছয় দশক পেরিয়ে তৌকির আহমেদ’।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ১৯ এপ্রিল তৌকীর আহমেদকে নিয়ে এই আনন্দ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজনে থাকছে বিশেষ একটি সেমিনার। প্রদর্শিত হবে তৌকির আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সন্ধ্যায় তৌকির আহমেদ নির্দেশিত ও অভিনীত মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’ মঞ্চস্থ হবে।
পুরো আয়োজনটিতে সহযোগিতা করছে অভিনয় শিল্পী সংঘ। আয়োজনটি সকাল ৯টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। পুরো আয়োজনের মধ্য দিয়ে জানা যাবে একজন তৌকীর আহমেদকে।