সম্প্রতি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল চরকি অরিজিনাল ফিল্ম ’চা গরম’-এর প্রিমিয়ার শো। সিনেমা দেখে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ’গল্পের শেষে গিয়ে আমরা সবাই কমবেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম।’
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের উপ-মিশন প্রধান ডিপাক এলমার, বাংলাদেশে সুইডেন দূতাবাসের উপ-প্রধান নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম, চরকি কমিশনিং কমিটির সদস্য এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, আইএলও অফিস কক্সবাজারের প্রধান রুচিকা বাহলসহ উন্নয়ন সহযোগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং সংবাদকর্মীরা।
চরকি ও অক্সফ্যামের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হয়েছে।
চরকির পক্ষ থেকে সাজ্জাদ শরিফবলেন, ’পরিচালক হিসেবে শঙ্খের (দাশগুপ্ত) প্রতি আমার ভরসা আছে। আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন ছবিটি দেখে।’
অক্সফ্যাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে আশা প্রকাশ করে জানান, চলচ্চিত্রটির মাধ্যমে চা শ্রমিকদের মর্যাদা এবং আকাক্সক্ষাকে জাতীয় পর্যায়ে এবং নীতিনির্ধারকদের নতুন করে ভাবাবে।
সাইফুল্লাহ রিয়াদের গল্প ও চিত্রনাট্যে চরকি অরিজিনাল ফিল্ম ’চা গরম’ পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, সারাহ জেবীন অদিতি, রেজওয়ান পারভেজ, এ কে আজাদ সেতু। গল্পটি একজন তরুণ চিকিৎসককে কেন্দ্র করে, যিনি চা বাগানের এক অজানা জগতে প্রবেশ করেন এবং সেখানকার অবহেলিত মানুষের সংগ্রাম, হাস্যরস আর স্বপ্নের সান্নিধ্য পান।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়া সত্তে¡ও চা বাগানের শ্রমিকরা মূলধারার গল্পগুলোতে বরাবরই অদৃশ্য থেকে গেছেন। এই জনগোষ্ঠীর জীবনের এক মর্মস্পর্শী চিত্র পর্দায় তুলে এনেছে ’চা গরম’।
নির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানান, চা বাগানকে কেবল মনোরম দৃশ্য হিসেবে ব্যবহার না করে বরং এর ভেতরের মানুষের আচার-আচরণ, আনন্দ ও বেদনাকে তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য। এই চলচ্চিত্র তাদের মানবিকতা ও মর্যাদার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।
অভিনেত্রী সাফা কবির বলেন, ’চা গরম আমাদের শেখায় কীভাবে নিজেদের জগতের বাইরেও সহমর্মিতা ও সংহতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়।’
অভিনেতা পার্থ শেখের মতে, গল্পটি মানুষের সেই নিরন্তর সংগ্রামের কথা বলে যেখানে সাধারণ মানুষ স্বপ্ন দেখার সাহস দেখায়।
’চা গরম’ এরইমধ্যে মুক্তি পেয়েছে চরকিতে।