দর্শকদের চাহিদার কারণে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। যার মধ্যে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ৭টি থেকে উন্নীত হয়ে ৫০টি হলে চলবে সিনেমাটি। আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১০ এপ্রিল। সপ্তাহ ঘুরতেই দর্শকদের ব্যাপক আগ্রহে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ’দম’। এখানেই শেষ নয়, ১৭ এপ্রিল থেকে সিনেমাটি চলবে কানাডার ৮টি প্রেক্ষাগৃহে।
উত্তর আমেরিকায় সিনেমাটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস । এর কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ বলেন, ’সিনেমা হলের সংখ্যা অবিশ্বাস্য রকমের বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ দর্শক চাহিদা। এ ছাড়া আর কোনোভাবে এটা সম্ভব নয়।’
’দম’ উত্তর আমেরিকায় মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি এখন অবস্থান করছেন আমেরিকাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে ’দম’ সিনেমাটি দেখতে এসেছিলেন নির্মতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন, সাংবাদিক রোজিনা ইসলামসহ প্রবাসী বাংলাদেশীরা। সিনেমার একটি প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের অংশ নিয়েছিলেন রেদওয়ান রনি।
যুক্তরাষ্ট্রে দর্শকদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে রেদওয়ান রনি আরও বলেন, ’যেখানেই গিয়েছি, সেখানেই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। দম সিনেমা তথা বাংলাদেশের সিনেমা নিয়ে দর্শকদের যে এত উচ্ছ্বাস, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রবাসে থেকে বাংলাদেশের সিনেমা দেখার জন্য যে আকাঙ্খা সবার মাঝে সেটা নির্মাতা হিসেবে খুবই অনুপ্রেরণাদায়ক।’