বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ন অস্কার পুরস্কারের আসর অনুষ্ঠিত হলো ১৬ মার্চ ভোরে। আমেরিকায় অনুষ্ঠিত হয়ে যাওয়া এই পুরস্কার আসরে হাজির হয়েছিলেন অনেক নামী-দামী চলচ্চিত্র তারকা।
অস্কারের ৯৮তম আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে আমেরিকান সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ডার্ক কমেডি ধাঁচের রাজনৈতিক থ্রিলারটি নির্মাণের জন্য সেরা পরিচালক হয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সেরা প্রযোজক এবং সেরা রূপান্তরিত চিত্রনাট্যকার পুরস্কার দুটিও উঠেছে ৫৫ বছর বয়সী এই আমেরিকান নির্মাতার হাতে।
রেকর্ডসংখ্যক ১৬টি মনোনয়ন পাওয়া ভ্যাম্পায়ার হরর ‘সিনার্স’ চারটি পুরস্কার জিতেছে। এরমধ্যে টিমোতি শালামেকে পেছনে ফেলে সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। পরিচালক রায়ান কুগলার সেরা মৌলিক চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন। এছাড়া সেরা সেরা চিত্রগ্রহণ ও সেরা মৌলিক আবহ সংগীত বিভাগে পুরস্কৃত হয়েছে ‘সিনার্স’। এরমধ্যে অস্কারের সেরা চিত্রগ্রহণ শাখায় পুরস্কৃত প্রথম নারী হিসেবে রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন অটাম ডুরাল্ড আরকাপো।
সেরা অভিনেত্রী বিভাগে প্রত্যাশিতভাবে জিতেছেন জেসি বাকলি। তিনিই প্রথম আইরিশ তারকা যার হাতে উঠলো অস্কারের এই সম্মান। চীনের ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জিতেছেন ৭৫ বছর বয়সী অ্যামি ম্যাডিগ্যান। ১৯৮৫ সালে ‘টোয়াইস ইন অ্যা লাইফটাইম’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রথমবার অস্কারে মনোনয়ন পান ম্যাডিগান। ৪০ বছর পর দ্বিতীয়বার মনোনীত হয়ে সোনালি ট্রফি উঠলো তার হাতে। কোনও ছবির একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনয়ন তালিকায় স্থান পাওয়া মাত্র পাঁচ জন অস্কার জিতেছেন। তারা হলেন জুলিয়ান মুর (স্টিল অ্যালিস), শার্লিজ থেরন (মনস্টার), ফরেস্ট হুইটেকার (দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড), ক্রিস্টোফার প্লামার (বিগিনার্স) ও পেনেলোপি ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা)। তাদের পাশে যুক্ত হলো ম্যাডিগানের নাম।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’কে হটিয়ে অস্কার জিতেছে নরওয়ের ইয়োয়াকিম ত্রিয়ের পরিচালিত ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। অ্যানিমেটেড সেনসেশন ‘কেপপ ডিমন হান্টার্স’
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে যৌথভাবে অস্কার জিতেছে ‘দ্য সিঙ্গারস’ এবং ‘টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা’। অস্কারের প্রায় শত বছরের ইতিহাসে এ নিয়ে ষষ্ঠবার সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এমন ঘটনা ঘটলো।
২০২৫ সালের সেরা কাজগুলোকে ২৪টি শাখায় পুরস্কৃত করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বিশ্বের বৃহৎ এই চলচ্চিত্র সংস্থার ১১ হাজারের বেশি সদস্য বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন আমেরিকান কমেডিয়ান ও টিভি টকশো উপস্থাপক কোনান ও’ব্রায়েন। ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করেছে জমকালো এই আয়োজন। এছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হয়েছে অনুষ্ঠানটি।
৯৮তম অস্কারের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যাডাম সোমনার, সারা মারফি ও পল টমাস অ্যান্ডারসন; ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
সেরা অভিনেতা
মাইকেল বি. জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী
জেসি বাকলি (হ্যামনেট)
সেরা পার্শ্ব অভিনেতা
শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যামি ম্যাডিগ্যান (ওয়েপন্স)
সেরা পরিচালক
পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা মৌলিক চিত্রনাট্য
সিনার্স (রায়ান কুগলার)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
কেপপ ডিমন হান্টার্স (ম্যাগি ক্যাং, ক্রিস অ্যাপেলহান্স ও মিশেল এল.এম. ওয়াং)
সেরা আন্তর্জাতিক সিনেমা (অ-ইংরেজি ভাষা)
সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
সেরা কাস্টিং
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস)
সেরা চিত্রগ্রহণ
সিনার্স (অটাম ডুরাল্ড আরকাপো)
সেরা কস্টিউম ডিজাইন
ফ্রাঙ্কেনস্টাইন (কেট হোলি)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য সিঙ্গারস (স্যাম অ্যা. ডেভিস ও জ্যাক পিয়াট), টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা (আলেকজান্ডার সিং ও নাতালি মুস্তাতা)
সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য গার্ল হু ক্রাইড পার্লস (ক্রিস লেভিস ও মাচেক স্টেরবোস্কি)
সেরা প্রামাণ্যচিত্র
মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন (ডেভিড বোরেনস্টাইন, পাভেল টালানকিন, হেলে ফাবের, আসবেয়েতা কারাসকোভা)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
অল দ্য এম্পটি রুমস (জোশুয়া সেফটেল ও কোনাল জোন্স)
সেরা চলচ্চিত্র সম্পাদনা
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যান্ডি জার্গেনসেন)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
ফ্রাঙ্কেনস্টাইন (মাইক হিল, জর্ডািন স্যামুযেল, ক্লায়োনা ফিউরি)
সেরা মৌলিক আবহ সংগীত
সিনার্স (লুদভিগ ইয়োরানসন)
সেরা মৌলিক গান
গোল্ডেন (কেপপ ডিমন হান্টার্স, কথা ও সুর: ইজেই, মার্ক সনেনবিøক, জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও, টেডি পার্ক)
সেরা শিল্প নির্দেশনা
ফ্রাঙ্কেনস্টাইন (টামারা ডেভারেল, শেন ভিয়ু)
সেরা শব্দ
এফওয়ান (গ্যারেথ জন, আল নেলসন, গোয়েন্ডোলিন ইয়েটস হুইটল, গ্যারি অ্যা. রিজো, হুয়ান পেরালতা)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ (জো লেটেরি, রিচার্ড বেইনাম, এরিক সেইন্ডন, ড্যানিয়েল ব্যারেট)