‘মায়ের মতো আপন কেউ নাই’ এটা প্রতিটি সন্তানই খুব ভালো করে অনুভব করে। মা হলো ভরসার অন্যতম জায়গা। এই মমতাময়ী এক মায়ের চরিত্রে অভিনয় করেই বিশ্বজয় করলেন এক এক আইরিশ অভিনেত্রী। তার নাম জেসি বাকলি। সিনেমার নাম ‘হ্যামনেট’। পরিচালনা করেছেন ক্লোরিও ঝাও। সদ্য অনুষ্ঠিত হওয়া অস্কার পুরস্কারে তিনি এ জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
পুরস্কার পেয়ে দারুণ আপ্লুত জেসি বাকলি।
তিনি বলেন, ‘ ‘আপনাদের শিল্প আর হৃদয় আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে আপনাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে চাই।’
বাকলি জানান, তার পুরো পরিবারই অনুষ্ঠানে উপস্থিত ছিল। মঞ্চ থেকে দর্শকসারিতে থাকা মা–বাবাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন আপনারা। কখনো প্রত্যাশার সীমায় আটকে থাকতে বলেননি।’ স্বামী ফ্রেডি সরেনসেনের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ঐতিহাসিক কাহিনিনির্ভর এই ছবিতে বাকলি অভিনয় করেছেন অ্যাগনেস চরিত্রে, যিনি এক দরিদ্র লাতিন শিক্ষককে ভালোবেসে বিয়ে করেন। পরে যিনি বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার হিসেবে পরিচিত হন। গল্পে দেখা যায়, তাদের তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে হ্যামনেট প্লেগে মারা যায়।
এই পুরস্কারের মাধ্যমে জেসি বাকলি আইরিশ সিনেমার ইতিহাসেও লিখে দিলেন নতুন এক মাইলফলক।