গত বৃহস্পতিবার ভারতের উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন দক্ষিন ভারতের চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। নেটপাড়াজুড়ে এখন শুধু তাদেরই বিয়ের ছবি। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। এবার জীবনের নতুন ইনিংস শুরু করার আনন্দ সারাদেশের সঙ্গে ভাগ করে নেবেন বিরোশ। এই আনন্দে সকলকে মিষ্টিমুখ করাবেন তারা।
ইতিমধ্যেই নিজেদের সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন তারকা দম্পতি। সেখানে তারা লিখেছেন, ‘এ দেশের প্রতিটি মানুষ, যারা আমাদের এই পথ চলায় সবসময় সঙ্গে ছিলেন ও আমাদের ভালোবাসায় ভরিয়েছেন, তাদেরর সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের সকলের সঙ্গে আমাদের জীবনের এই নতুন শুরুয়াতের আনন্দ ভাগ করে নিতে পেরে আপ্লুত।’
তারকা দম্পতি আরও লিখেছেন, ‘‘আমরা আপনাদের সকলের সঙ্গে এই আনন্দানুষ্ঠানের উদযাপন সারতে চাই আরও একবার। আর আমরা ভারতীয়রা কীভাবে সব শুভ কাজের উদযাপন সারি? অবশ্যই মিষ্টি এবং সুস্বাদু খাবার খেয়েই। আর সেভাবেই আমরা রোববার, ১ মার্চ আপনাদের প্রত্যেকের কাছে আমাদের ভালোবাসা পৌঁছে দেবো এবং মুখ মিষ্টি করাব। এদিন আমরা ট্রাক ভরে মিষ্টি পাঠাবো এদেশের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি মন্দিরে। এবং এর সঙ্গে সঙ্গেই আমরা উদযাপন করব ‘অন্নদানম’-এর মতো অনুষ্ঠান। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য।’’
একই সঙ্গে বিজয় ও রশ্মিকা তাদের পোস্টে জানিয়েছেন কোন কোন রাজ্যের মন্দিরে মিষ্টি পাঠাবেন তাদের বিয়ের।
এই তালিকায় রয়েছে তেলেঙ্গানা, দিল্লি, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, অসম, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও বিহার।
গত বৃহস্পতিবার উদয়পুরে স্বপ্নের বিয়ে সেরেছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের সন্ধ্যাতেই প্রকাশ্যে এসেছে তাদের চারহাত এক হওয়ার ছবি। যা দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের দর্শক-অনুরাগীরা। প্রায় আট বছরের সম্পর্কের মধুরেণ সমাপয়েৎ হয়েছে উদয়পুরে।খাঁটি দক্ষিণী নিয়ম মেনে বিয়ে সেরেছেন তারকা যুগল। তেলেগু ও কোডাভা নিয়মে বিয়ে সারেন তারা।
ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার শীর্ষে তাদের দু’জনের সাজপোশাক। আগামী ৪ মার্চ তাদের হায়দরাবাদের গ্র্যান্ড রিসেপশনের অপেক্ষায় আপাতত সকলে।