চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন ।
চলতি বছর দেশের ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ ও জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১ বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে নয় লাখ ৩০ হাজার ৩০৫ ছাত্র ও নয় লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
অন্যদিকে দেশের ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে যারা অংশ নিয়েছিল, তাদের সবাই ফেল করেছে।