চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শুরু হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরীক্ষা নিয়ে গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানায়, সম্প্রতি তাদের নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরু হবে। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি।
এতে বলা হয়, সামাজিক মাধ্যমে প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো ধরনের সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। তাই এ ধরনের তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, পরীক্ষা-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত, সময়সূচির পরিবর্তন, নির্দেশনা কিংবা বিজ্ঞপ্তি কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সরকারি ওয়েবসাইট ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলা হয়েছে, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কারণ একটি ভুয়া তথ্য অল্প সময়ের মধ্যেই হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জনস্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত সর্বশেষ ও সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং সরকারি কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তির ওপরই নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।