আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ জুলাই) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার যাত্রা শুরু করবে।
উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু, সংসদ সদস্য ফাজলে হুদা বাবুল, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।
উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, প্রাথমিকভাবে আইন ও হিসাব বিজ্ঞান এই দুই অনুষদে ৪০ জন করে মোট ৮০ শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হচ্ছে। ইতোমধ্যে আটজন শিক্ষক যোগ দিয়েছেন। অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক পরিবেশ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও অন্যান্য শিক্ষাসহায়ক সুবিধা নিশ্চিত করা হয়েছে।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ইতোমধ্যে ৯৭ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। আধুনিক, পরিবেশবান্ধব ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। পর্যায়ক্রমে নতুন অনুষদ চালু, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কৃষি, কর্মমুখী শিক্ষা ও গবেষণায় নওগাঁ বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।