আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাডমিসিফাই এডুটেক বিডি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটি অ্যাডমিসিফাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচালিত হবে।
এ উপলক্ষে সোমবার (১৮ মে) রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ইশান্ত আগারওয়াল, উপদেষ্টা আমান আলী, রিজিওনাল ম্যানেজার অমিতা চক্রবর্তীসহ অন্যরা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিশ্বের ৩৩টির বেশি দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে কাজ করবে অ্যাডমিসিফাই এডুটেক বিডি।
অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তারা বলেন, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ কাউন্সেলিং, ভর্তি সহায়তা, ভিসা গাইডলাইন ও সম্পূর্ণ প্রসেসিং সাপোর্ট দেওয়া হবে। বাংলাদেশে কার্যক্রম শুরুর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় অ্যাডমিসিফাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন একটি মাইলফলক যুক্ত হলো বলে তারা মনে করছেন।