চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর হঠাৎ ব্রেন স্ট্রোকে আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত ওই শিক্ষার্থীর নাম জীবক চাকমা। তিনি ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়। রোববার (১২ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জীবক চাকমা ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বাসিন্দা রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার সন্তান।
জানা যায়, রোববার সকালে জীবন চাকমা হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তার সহপাঠীরা তাকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, ‘আজ সকালে শিক্ষার্থীটিকে অচেতন অবস্থায় মেডিক্যালে আনা হয়। প্রাথমিকভাবে আমরা স্ট্রোকের লক্ষণ সন্দেহ করি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যুর খবর পাই।’
এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘সকালে জীবন চাকমা অসুস্থ হয়ে পড়লে তার বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’