অর্থবছরের সময়কাল পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করেছে সরকার। রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়, বাংলাদেশের সংবিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন ও সরকারের আর্থিক ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তনে কর্মপন্থা নির্ধারন করবে। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
এর আগে, ১৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে এক সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে, ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় ও ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এ জন্য ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ যুক্তিযুক্ত।