চলতি মাসের প্রথম নয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০.১ শতাংশ বেশি। গত বছরের একই সময় ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা যায়, শুধু ৯ মার্চ এক দিনেই দেশে এসেছে ১৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৯ মার্চ) প্রথম সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৯৮ কোটি মার্কিন ডলার; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৯৫০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২২.৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।