রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) রাতে গেন্ডারিয়ার একটি অফিসে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধরা হলেন চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও পথচারী আশা আক্তার (২০)। এর মধ্যে সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।