রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী এক শিশুকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফা মনি।
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ২টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ফয়সাল জানান, এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কবির হোসেন তার একমাত্র সন্তান রাফা মনিকে আছড়ে ফেলে হত্যা করেছেন।
নিহত শিশুর মা লিমা বেগম অভিযোগ করেন, বুধবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাকে মারধর করেন কবির। পরে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। সন্ধ্যায় কবির সেখানে গিয়ে তাদের বাসায় নিয়ে আসার পথে রাস্তায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কবির শিশুটিকে তার কোল থেকে নিয়ে আছড়ে ফেলেন।
শিশুটির নানি জানান, কবির পেশায় রিকশাচালক। তিনি নেশায় আসক্ত ছিলেন এবং নিয়মিত কাজ করতেন না। বিভিন্ন কারণে মেয়েকে মারধর করতেন বলেও অভিযোগ করেন তিনি।
নিহত রাফা মনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুচ্ছ গ্রামের রিকশাচালক কবির হোসেনের মেয়ে। পরিবারটি বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় বসবাস করছিল।