আফতাব অটোমোবাইলস লিমিটেডের এক সাবেক কর্মকর্তার পাওনা পরিশোধ সংক্রান্ত শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন শ্রম আদালত। আদালতের এ আদেশের পর উচ্চ আদালতে আইনি প্রতিকার চাওয়ার প্রস্তুতি নিচ্ছে আসামিপক্ষ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা বকেয়া পাওনা আদায়ের দাবিতে শ্রম আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গত বছরের ৮ মে বাদী পক্ষের অনুকূলে রায় দেন আদালত।
তবে আদালতের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর ধারাবাহিকতায় গত ২৪ জুন ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের অভিযানে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন ঢাকার প্রথম শ্রম আদালত থেকে তিনি জামিন পান।
জামিনে থাকার কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার (১৬ জুলাই) আসামিপক্ষ থেকে শ্রম আদালতে আপিল আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, শ্রম আদালতের আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান চাওয়া হবে।
এদিকে মামলাটি ঘিরে আইনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। বাদীপক্ষের অভিযোগ, প্রভাবশালী একটি মহল বিভিন্ন আইনি কৌশলের মাধ্যমে মামলার অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
আদালত সংশ্লিষ্টরা বলছেন, এখন উচ্চ আদালতে বিষয়টির পরবর্তী আইনি পদক্ষেপের ওপরই নির্ভর করছে মামলার ভবিষ্যৎ গতিপথ।