রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেছেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট। এ সময় ওই নারীর কাছ থেকে ছিনতাই করা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ও লকেট উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট আনিসুর রহমানের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, সোমবার (২০ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে শহীদ ফারুক সড়কের মুখে এ ঘটনা ঘটে। ডিউটিরত অবস্থায় সার্জেন্ট মো. শাহরিয়ার খান দেখতে পান, এক ব্যক্তি পথচারী নারী অপা খান শসীর গলা থেকে স্বর্ণের চেইন ও লকেট টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছে।
ঘটনা দেখেই সার্জেন্ট শাহরিয়ার খান তার সঙ্গে থাকা পুলিশ সদস্য কাজল দাসকে নিয়ে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন। দীর্ঘক্ষণ দৌড়ে ধাওয়া করার পর তারা ছিনতাইকারী মো. স্বপন মিয়াকে (৫২) আটক করতে সক্ষম হন।
পরে তার কাছ থেকে ছিনতাইকৃত ১২ আনা ওজনের স্বর্ণের গলার চেইন ও লকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ভুক্তভোগী অপা খান শসীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
আটক স্বপন মিয়াকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন সার্জেন্ট আনিসুর।