সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কেরাণীগঞ্জ এলাকা থেকে ২ যুবককে আটক করেছে র্যাব-১০। বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন— মো. সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও তাউসিফ রহমান রিসাদ (২৩)।
র্যাব জানায়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাইফ ও রিসাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা গত প্রায় ছয় মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘টেলিগ্রাম’-এ দুটি গ্রুপ পরিচালনা করছিল। গ্রুপ দুটিতে তারা “এসএসসি-২০২৬” পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করত এবং বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করত। তাদের কাছ থেকে জব্দ করা ডিজিটাল ডিভাইসগুলো বিশ্লেষণ করে অপরাধমূলক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।
র্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সোনালী সেন এ প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের কার্যক্রম আইনত দণ্ডনীয় এবং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে।’
এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে এবং সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে দ্রুত অবহিত করার জন্য সাধারণ জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।
এসপি সোনালী সেন আরও বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।