ঢাকার কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে ধারাবাহিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ এপ্রিল) ডিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৩টার দিকে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে প্রথমে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরেই কেরাণীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ দুপুর সাড়ে ১২টার দিকে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে গ্রেপ্তার হন রিপন ও আবু বক্কর। গ্রেপ্তারদের কাছ থেকে অত্যাধুনিক সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যা নাশকতার পরিকল্পনার ইঙ্গিত দেয়। গ্রেপ্তাররা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীতে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিল।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা ড্রোন ব্যবহার করে কোনো বিশেষ স্থাপনা বা ব্যক্তির ওপর নজরদারি করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা রাজধানীর বিভিন্ন স্থানে গুপ্ত হামলা ও নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও ড্রোন সংগ্রহ করে সংঘবদ্ধ হচ্ছিল। উগ্রবাদী আদর্শ প্রচারের পাশাপাশি তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনার ছক একেছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।