বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় ভেসে উঠল ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল সামুদ্রিক কোরাল মাছ। মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে ১৯ হাজার ১২৫ টাকায়। তবে মৃত অবস্থায় মাছটির ভেসে ওঠা ঘিরে পরিবেশবিদদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় জেলে মান্নান খান ইলিশ ধরতে গিয়ে ফকিরহাট সংলগ্ন মোহনায় মাছটিকে ভাসতে দেখেন। পরে জাল ফেলে সেটি তোলা হলে দেখা যায় মাছটি মৃত। খবর ছড়িয়ে পড়লে তালতলী মাছ বাজারে ভিড় জমায় উৎসুক মানুষ। স্থানীয় তালুকদার মৎস্য আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে কেজিপ্রতি ৮৫০ টাকা দরে দর হাঁকা হয়। স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধা সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন। ব্যবসায়ীদের দাবি, মাছটির রং কিছুটা সাদাটে হয়ে যাওয়ায় প্রত্যাশিত মূল্য পাওয়া যায়নি। সতেজ থাকলে এর দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারত।
জেলে মান্নান খান বলেন, ‘এত বড় কোরাল জীবনে খুব কমই পেয়েছি। সাগরে ভাসতে দেখে জাল ফেলি। প্রায় ১৯ হাজার টাকায় বিক্রি করতে পেরে আমরা খুশি। মাছ কম পেলেও এই একটি মাছ বড় সহায়তা করেছে।’
ক্রেতা মো. বশির মৃধা জানান, ‘বড় আকারের কোরাল সচরাচর পাওয়া যায় না। মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।’
‘ধরিত্রী রক্ষায় আমরা ধরা’ তালতলী সমন্বয়ক মো. আরিফুর রহমান বলেন, এত বড় মাছ হঠাৎ মৃত অবস্থায় ভেসে ওঠা স্বাভাবিক নয়। দূষণ, অবৈধ জাল, ট্রলারের আঘাত কিংবা সমুদ্রে বর্জ্য নিঃসরণসহ বিভিন্ন কারণ থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, বঙ্গোপসাগরে বড় আকারের কোরাল পাওয়া যায়। তবে মৃত অবস্থায় ভেসে ওঠার কারণ অনুসন্ধান প্রয়োজন। প্রাকৃতিক কারণ, রোগ বা আঘাত সব দিক খতিয়ে দেখা হবে। জেলেদেরও এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।