ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারে করে ভোটগ্রহণের মালামাল পরিবহন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে যক্ষ্মাবাজার ক্যাম্প থেকে শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তারা হেলিকপ্টারে করে নিজ নিজ কেন্দ্রে যান। এ সময় তাদের সঙ্গে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামও পাঠানো হয়।
হেলিকপ্টারযাত্রার আগে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ। পরে তিনি আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেজর আসিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মরশেদুল আলমসহ নির্বাচন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জুরাছড়ি উপজেলার চারটি ইউনিয়নের মোট ১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতটি ভোটকেন্দ্র অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত।
এসব কেন্দ্রে বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় হেলিসর্টের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি ব্যালট বাক্স ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী মালামাল পরিবহন করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।