জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই।’ গত ৫৪ বছর ধরে বাংলাদেশ জুলুমের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি জমি নিয়েও কোনো বে-ইনসাফি করতে দেওয়া হবে না।
শনিবার (৭ জানুয়ারি) সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমীর।
বিকেল ৩টা ১০ মিনিটে সিলেটের নির্বাচনী জনসভার মঞ্চে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমীর। সেখানে তিনি বলেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজির সঙ্গে জড়িত। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থার পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাব দিতে বাধ্য থাকতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছর বাংলাদেশ জুলুমের শিকার হয়েছে। ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি জমিতেও অবিচার হতে দেওয়া হবে না।
এ সময় তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সিলেট অঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন।
এর আগে, দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে আইন সবার জন্য সমান হবে।
দিনের শুরুতে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াত রাজনীতিকে পেশা নয়, বরং কর্তব্য হিসেবে গ্রহণ করেছে। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সিলেটের সমাবেশ শেষে সিলেট জেলা ও সুনামগঞ্জের ১১ দলের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতে ইসলামীর আমীর।
উল্লেখ্য, সর্বশেষ গত ৬ ডিসেম্বর সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীসহ আট দলের বিভাগীয় সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।