চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।
এ সংক্রান্ত একটি ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভিডিওটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করে।
ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতুরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা, যেখানে ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল।
তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। এ অবস্থায় দুই হাত জোড় করে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।