অবশেষে অন্য কনেকে বিয়ে করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খাসি কাণ্ডে’ ভাইরাল হওয়া জাপান প্রবাসী জুনায়েদ। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি জানান তিনি। একই সঙ্গে নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে নবদম্পতির জন্য দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।
একটি ভিডিওতে দেখা যায়, বরের জন্য নতুন কনেপক্ষ থেকে দেওয়া খাবারে খাসি রাখা হয়েছিল। বরসহ বাকিরা আনন্দ নিয়েই সেই খাসিসহ বাকি খাবার খান।
এর আগে, গত ১৪ আগস্ট আখাউড়ায় তার বিয়ে ভেঙে যাওয়া এবং ‘খাসি’ নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর কয়েকদিনের মধ্যেই নতুন জীবনের সূচনা করলেন আলোচিত এই জাপান প্রবাসী।