বরিশালের বাকেরগঞ্জে ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এঘটনার পর উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ আগস্ট) উপজেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাওন খানকে পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে একটি কক্ষে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায়। তবে অভিযুক্ত শাওন খান দাবি করেছেন ভিডিওতে ইয়াবা সেবন করা ব্যক্তি তিনি নন। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
শাওন খান বলেন, গত ১৪ আগস্ট সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে তাকে রাজনৈতিকভাবে হেয় করতে ভিডিওটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, ‘ভিডিওটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। আমরাও তদন্ত করছি। কোনো মাদক কারবারি বা মাদকসেবীর জায়গা দলে হবে না।’