আকস্মিক ঝড়ের কবলে নৌকা ডুবে যাওয়ায় নিজের চার বছরের ছেলেকে বাঁচাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত পানিতে ডুবে গেছেন বাবা। পরে একটি ট্রলারের সহায়তায় তার শিশুপুত্রকে জীবিত উদ্ধার করা হয়। রাঙামাটির লংগদুতে এ ঘটনায় সালাম (২৮) নামের ওই পিতা নিখোঁজ রয়েছেন।
রোববার (১৬ আগস্ট) উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সালাম মাইনী বাজার থেকে চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানিতে তীব্র ঢেউ ওঠে। একপর্যায়ে ঝড়ের কবলে তাদের নৌকাটি ডুবে যায়।
নৌকা ডুবে যাওয়ার পর সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন সালাম। এ সময় দূর থেকে একটি ট্রলার এগিয়ে এসে তার হাত থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে বাবাকে উদ্ধারের আগেই পানিতে তলিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় প্রাথমিকভাবে শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত ও ভালো রয়েছে।
গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম নৌকায় করে বাড়ি ফেরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়েন। তার ছেলেকে উদ্ধার করা গেলেও সালাম নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।
লংগদু ফায়ার সার্ভিস জানায়, রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটি পৌঁছানোর পর নিখোঁজ সালামকে উদ্ধারে অভিযান শুরু করা হবে। এরই মধ্যে স্থানীয়রাও বিলের পানিতে তল্লাশি চালাচ্ছেন।