অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে বরিশালে হ্যারিকেন মিছিল, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রশক্তি। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন সংগঠনের নেতা-কর্মীরা।
একই দাবিতে বিকেল ৪টার দিকে নগরের সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হ্যারিকেন মিছিল করে মহানগর ছাত্রশক্তি। এ সময় সংগঠনের নেতা-কর্মীদের হাতে হ্যারিকেন দেখা যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি ভূতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটেও মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অতিপ্রয়োজনীয় খাতগুলো বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সঠিক ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিল, হ্যারিকেন মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ (কাজী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম, সংগঠক সালমান হাওলাদার, জুনায়েদ হোসেন ছাদ, হাসিবুল ইসলাম শান্ত, সাওম সরদার, হাফেজ শফিউল্লাহ, মো. রেফায়েত, মো. আদনানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।