বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে মাথায় পড়ে জাহিদুল ইসলাম নামের এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায় শিক্ষার্থীরা।
গত সোমবার (১০ আগস্ট) উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন জাহিদুল ইসলাম। ক্লাস চলার একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে তার মাথায় পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায়।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাথী জানায়, শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে তার মাথায় পড়ে। এতে সবাই ভয় পেয়ে যায়।
আরেক শিক্ষার্থী সিমা জানায়, পলেস্তারা খসে পড়ার সময় সবাই শ্রেণিকক্ষে ছিল। শিক্ষক আহত হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরোনো ভবনটির নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত হওয়ার ঘটনায় সেই উদ্বেগ আরও বেড়েছে। অভিভাবকদের আশঙ্কা, দ্রুত ভবনের নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় সংস্কার না করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, ভবনটি ১৯৬০ সালে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ভবনের বিভিন্ন অংশের অবস্থা ভালো নয়। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।