সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে দয়ামীরস্থ কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাত জন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর একজন শিশু মারা গেছে। এই ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।