কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে হত্যার মামলায় প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালত প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামি—হামিদা বেগম ও মনোয়ারা বেগমকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম এবং তাদের সপ্তম শ্রেণির ছাত্রী মেয়ে জন্নাতুল ফেরদৌস নিহত হন।
ঘটনার তিন দিন পর ২২ জানুয়ারি নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক বাদী হয়ে ঈদগাঁও থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় আবুল কালামকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা ছিলেন তার ভাই আবুল তাহের, স্ত্রী হামিদা বেগম এবং আবুল তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম।
তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই পুলিশ আবুল তাহেরকে অব্যাহতি দিয়ে আবুল কালাম, হামিদা বেগম ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।