কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া বালুঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন বালুবাহী ট্রাকচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে দুটি ট্রাক। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ট্রাকশ্রমিকরা।
সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে কুষ্টিয়া-পাবনা, কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
বিক্ষোভকারী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় তালবাড়ীয়া বালুঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন বালুবাহী ট্রাকচালককে আটক করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দুটি ট্রাক জব্দ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে ট্রাকশ্রমিকরা দণ্ডপ্রাপ্ত চালকদের মুক্তি, জব্দ করা ট্রাক ফেরত এবং শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান। তাদের দাবি, এসব দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়ে প্রায় দুই ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।