জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকার হারুন অর রশিদ ইসলামী মাদরাসার সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বিষয়টি দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। নিহত শহিদুল ইসলাম পশ্চিম মাহমুদপুর দকলাবন গ্রামের মৃত সোলাইমান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার ৭ বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য হারুন অর রশিদ ইসলামী মাদরাসায় সকালের খাবার পৌঁছে দেন। খাবার শেষে টিফিন ক্যারিয়ার নিয়ে মাদরাসার পেছনের পথ দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলেও ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাননি।
শুক্রবার সকালে কয়েকজন শিশু ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
পরিবারের সদস্যরা জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। এ বিষয়ে চিকিৎসার কাগজপত্রও পুলিশকে দেখানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের সঙ্গে থাকা তার ছেলের জন্য খাবার নিয়ে যাওয়া টিফিন ক্যারিয়ারও উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।’