জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় নাজমিন নাহার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এদিন সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামের পয়লা ব্রিজসংলগ্ন মাহমুদপুর-মেলান্দহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমিন উপজেলার রোকনাইপাড়া গ্রামের নাজমুল হাসানের মেয়ে। সে রোকনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নাজমিন তার মায়ের সঙ্গে নানাবাড়ি আগপয়লা গ্রামে বেড়াতে আসে। রোববার সকালে খাবার খেয়ে খেলতে যাওয়ার উদ্দেশে বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় মাহমুদপুর থেকে মেলান্দহগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইদ আহমেদ শুভ বলেন, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দ্রুত অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই সে মারা যায়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।