নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রী ও যানবাহনবাহী ফেরি সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহন করতে মাঝনদী থেকে ঘুরিয়ে পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে অসন্তোষ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি মহানন্দা। যাত্রা শুরুর প্রায় ২৩ মিনিট পর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এ সময় ঢাকা থেকে গাড়িযোগে ঘাটে পৌঁছান আব্দুল হান্নান মাসউদ। পরে তিনি তার নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, ‘ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকেল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসউদকে নেওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।’
নাম প্রকাশ না করার শর্তে এক যাত্রী বলেন, ‘ঘাট থেকে ছাড়ার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরি ঘুরে যাচ্ছে। পরে ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসউদ ও তার সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন।’
তিনি আরও বলেন, ‘এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্যে নদী পার হচ্ছি, অন্যদিকে একজন এমপির জন্য পুরো ফেরি ফিরিয়ে আনা হয়েছে। এটি ক্ষমতার অপব্যবহারের মতো মনে হয়েছে।’
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে। ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।’
ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, ‘আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে যাত্রারত ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক এবং এতে যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি কতটা বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমি সংসদ সদস্য। সরকারি কাজেই আমার হাতিয়া যাওয়া জরুরি ছিল। তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে। তা ছাড়া ফেরি তো ঘাট থেকে খুব বেশি দূর যায়নি। ছাড়ার এক মিনিটের মধ্যে আমি ঘাটে পৌঁছেছি। কিন্তু এ নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।’