ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক সুদিপ্তা সরকার এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আরিফ, রাকিব ও সিয়াম।
এদিকে এই মামলায় অপ্রাপ্তবয়স্ক অপর আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনে ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এরপর ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ২৫ দিনের মাথায় আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হলো।
রায় ঘোষণার পর নিছামনির বাবা-মা ও স্বজনরা সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।