বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত জানায়। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার রাতে পৃথক দুটি আদেশে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পুরো বিভাগের জন্য সিদ্ধান্তটি সম্প্রসারণ করা হয়।
রাত ১টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি পরে জানানো হবে।
চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসকের প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রতিটি বিষয়ের জন্য তিন সেট করে প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে বলে গত ১ জুলাই পরীক্ষা শুরুর আগের দিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে গত ২ জুলাই। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।