শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গাঁজা সেবনের জন্য টাকা চাওয়ায় এক যুবক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) মধ্যরাতে নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত বাবলু বেপারী (৩০) নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার নান্নু বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলা পরিষদ এলাকায় পরিদর্শনে বের হন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় বাবলু বেপারী তার কাছে গিয়ে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন। পাশাপাশি তিনি অসংলগ্ন আচরণ ও কথাবার্তা বলতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সদস্যরা তাকে আটক করেন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও আব্দুল কাইয়ুম খান বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি আমার কাছে এসে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করেন এবং অসংলগ্ন আচরণ করেন। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, মাদক সেবন ও জনশৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রশাসনের মাদকবিরোধী অভিযানও চলমান রয়েছে।