কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৯ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, কক্সবাজার থেকে এফবি সৌরভ নামের একটি ফিশিং বোট চারজন জেলেসহ সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে শুক্রবার সকাল ৯টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড জানতে পারে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলে নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উদ্ধারকৃত চার জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।