জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার আদ্রা ইউনিয়নের পশ্চিম থুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াডাঙ্গি গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৫) এবং মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আসাদুল ওরফে আশরাফুল (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি হিরো আইস্মার্ট, একটি বাজাজ পালসার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।