সুন্দরবনের কুখ্যাত ‘জোনাব বাহিনীর’ কবল থেকে পালিয়ে ৬ দিন কোনো মতে গাছের ফল ও পাতা খেয়ে বাড়ি ফিরেছেন নূরুজ্জামান শেখ (৪৫) নামের এক জেলে।
গত ১০ জুন (বুধবার) সন্ধ্যায় তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামে নিজের বাড়িতে পৌঁছান। বনের গহীন অরণ্যে বাঘের হাত থেকে বাঁচতে টানা ৫ দিন গাছের উঁচুতে অবস্থান করে এবং বনের ফল ও পাতা খেয়ে তিনি কোনোমতে জীবন রক্ষা করেন।
নূরুজ্জামানের পরিবার সূত্রে জানা যায়, গত ৪ জুন বুড়িগোয়ালিনী বন অফিস থেকে কাঁকড়া ধরার পাস (অনুমতি) নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন নূরুজ্জামান। পরদিন ৫ জুন বিকেলে গহীন সুন্দরবনের কচুখালী খালে কাঁকড়া ধরার সময় জোনাব বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাকেসহ আরও ৩ জেলেকে জিম্মি করেন।
নুরুজ্জামান শেখ বলেন, ‘বনদস্যুরা অপহৃত প্রতি জেলের জন্য ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। বাকি জেলেরা মুক্তিপণের টাকা পরিশোধ করে ফিরতে পারলেও আমি টাকা দিতে না পারায় আমাকে আটকে রেখে নির্যাতন করা হয়। একপর্যায়ে গভীর রাতে সুযোগ বুঝে দস্যুদের ডেরা থেকে পালিয়ে যাই।’
তিনি আরও বলেন, ‘বাঘ ও হিংস্র বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাঁচতে টানা ৫ দিন গাছের উঁচু ডালে আশ্রয় নেই। এই সময়ে তীব্র ক্ষুধা নিবারণের জন্য বনের গাছের ফল ও কাঁচা পাতা খেয়ে দিন পার করি। দীর্ঘ লড়াই শেষে গত ১০ জুন সুন্দরবনের অন্য একটি নৌকার জেলেদের সহায়তায় লোকালয়ে তথা নিজ গ্রামে ফিরে আসি।’
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, ‘নূরুজ্জামান নামে এক জেলে বাড়িতে ফিরে এসেছেন বলে শুনেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।’