মাদারীপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) উপজেলায় ঝিকরহাটি এলাকায় খান ও মোল্লা বংশের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র এই দুই বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে চিৎকিসা দেওয়া হচ্ছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’