নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক গৃহবধূ ও তার স্বামীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে মো. সফিক (৩৮) নামে এক যুবদল নেতার বিরুদ্ধে।
শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং একই এলাকার মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, তার স্বামী গত দুই মাস ধরে সফিকের অধীনে কাজ করলেও বেতন পাননি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তার স্বামী ইয়াবা সেবন করে সব টাকা খরচ করেছেন। ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় তাদের পরিবারকে কষ্টে দিন কাটাতে হয়েছে। এরপর তিনি স্বামীকে সফিকের কাজে যেতে নিষেধ করেন, যা নিয়ে সফিক ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তিনি আরও বলেন, শনিবার সকালে বাড়ির পাশের খাল থেকে একটি রিং জাল নিয়ে যাচ্ছিলেন সফিক। এসময় জালের মালিক ওই ভুক্তভোগী গৃহবধূর স্বামী তাদের বাধা দেন। এসময় সফিক তার ভগ্নিপতি নূরে মাওলাকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূর স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়।
এ দিকে অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা সফিক। তিনি বলেন, ‘ওই গৃহবধূর পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তার স্বামী আমার মাছ চুরি করে। শনিবার সকালে জাল নিয়ে আসার পথে ওই নারী তার স্বামী আমাকে মারধর করে।’
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’